চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের পরই ঠিক হবে অধিনায়ক রোহিতের ভবিষ্যৎ
বিসিসিআই সাধারণত আইপিএল শুরুর আগে খেলোয়াড় ধরে রাখার বার্ষিক তালিকা প্রকাশ করে। কিন্তু এবার হয়তো আরও কিছু দিন অপেক্ষা করবে। কারণ, বাজে টেস্ট মৌসুমের পরে দল চ্যাম্পিয়নস ট্রফিতে দল কেমন করে, সেটা দেখতে চায় বিসিসিআই। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরি পুনর্মূল্যায়ন করতে চায় বিসিসিআই। এই ক্যাটাগরিতে বর্তমানে আছেন রোহিত, কোহলি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা।
বিসিসিআইয়ের নীতি অনুযায়ী, তিন সংস্করণেই পারফর্ম করা খেলোয়াড়দের ‘এ’ প্লাস গ্রেডে অগ্রাধিকার দেওয়া হয়। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণ থেকে অবসর নেন রোহিত, কোহলি ও জাদেজা। টেস্ট মৌসুমও তাঁদের তেমন ভালো কাটেনি। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো পারফরম্যান্সের কারণে ‘এ’ প্লাস গ্রেডে তাঁরা টিকেও যেতে পারেন। কোহলি যেমন পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন।
সেই সূত্র সংবাদমাধ্যমটিকে আরও বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর রোহিতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে বোর্ড। যদি কোনো কারণে তিনি অবসর নেন, তাহলে বোর্ড সে অনুযায়ী যা করার করবে। এটা বিবেচনার বাইরে রাখা যায় না যে গত জুনেই তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন এবং চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো অধিনায়কত্ব করেছেন।’
এর আগে মহেন্দ্র সিং ধোনি ২০১৯ বিশ্বকাপের দুই বছর আগে ভারতের সাদা বলের অধিনায়কত্ব ছাড়েন। তাতে সেই বিশ্বকাপের আগে কোহলি অধিনায়ক হিসেবে থিতু হওয়ার সময় পেয়েছিলেন। কোহলিও ২০২১ সালে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। তারপর রোহিত এসে ২০২৩ বিশ্বকাপের আগে অধিনায়ক হিসেবে সবকিছু গুছিয়ে নেওয়ার সময় পান।
ওয়ানডেতে শুবমান গিল ভারতের সহ-অধিনায়ক হলেও অধিনায়ক হওয়ার মতো পরিপক্ক হতে তাঁর আরও সময় লাগবে। আর ফিটনেসের সমস্যার কারণে যশপ্রীত বুমরাকেও অধিনায়কত্ব দেওয়া হবে না। তাই রোহিতের কাছ থেকে অধিনায়কত্ব নেওয়ার আগে অন্য কাউকে তৈরি করতে বিসিসিআইয়েরও সময় প্রয়োজন।
