নীল সমুদ্র উত্তাল করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়

 

নীল সমুদ্র উত্তাল করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়


    চ্যাম্পিয়নস ট্রফির জয়ের পর ট্রফি নিয়ে ভারতের খেলোয়াড়দের উচ্ছ্বাসএএফপি

কাইল জেমিসনের শর্ট বলটা কোমর উচ্চতায় উঠেছিল। রোহিত শর্মাকে এমন বল দিয়ে তিনি বেঁচে যেতে পারতেন কেবল রোহিত যদি ভাবতেন, ‘মাত্রই তো ইনিংস শুরু হলো…।’ কিন্তু রোহিত রোহিত বলেই তা ভাবেননি। ২৫১ রান তাড়া করার ম্যাচেও ইনিংসের দ্বিতীয় বলেই পুল শটে স্কয়ার লেগ দিয়ে ছক্কা।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সবকিছু ভারতের জন্যই সাজানো ছিল। নিউজিল্যান্ড যেন উপলক্ষ মাত্র। ফাইনালে আরেকটা দল লাগে বলেই তারা খেলল। তবু অদৃষ্ট হয়তো চাইল, নিউজিল্যান্ড যেহেতু খেলছেই, বিষয়টাকে আরেকটু বাস্তব রূপ দেওয়া যাক। টসটা তারাই জিতুক, বাকি সবই তো ভারতেরই। হ্যাঁ, শেষ পর্যন্ত সেটাই হয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ‘নীল সমুদ্রে’ সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিজয় উদ্‌যাপনে। ২০১৩ সালের পর দ্বিতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জয়। সব মিলিয়ে তৃতীয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টানা দ্বিতীয় আইসিসি শিরোপা। তা-ও সেই নিউজিল্যান্ডকে হারিয়ে, আইসিসির কোনো আসরের ফাইনালে যাদের সঙ্গে আগে কখনো জেতেনি ভারত।

দুপুরে মিচেল স্যান্টনার টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন, ওদিকে হিসেব চলতে থাকল রোহিত শর্মা তো টানা ১২ ওয়ানডেতে টস হেরে ব্রায়ান লারাকে ধরে ফেললেন! যেন এতগুলো ম্যাচে টসে হারা বিশাল এক লজ্জা ভারত অধিনায়কের জন্য। খেলা ততক্ষণে শুরু হয়ে গেছে। সুন্দর শুরু নিউজিল্যান্ডের জন্য। দুই ওপেনার উইল ইয়াং-রাচিন রবীন্দ্র মিলে ৭.৫ ওভারেই করে ফেললেন ৫৭। কিন্তু টস থেকে এ পর্যন্তই। মাঝে একটু টুইস্টের মতো হলেও এরপর থেকেই গল্পটা বদলাতে থাকল। কিংবা কে জানে, গল্পটা হয়তো এভাবেই লেখা ছিল।

ওরকম শুরু এবং শেষে হাতে ৩ উইকেট রেখেও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে ২৫১ রানই করতে পেরেছে ব্ল্যাক ক্যাপরা। ভারতের গভীর ব্যাটিং লাইন আপের জন্য যা পেরোনো মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। স্যান্টনারের করা ১৯তম ওভারের চতুর্থ বলে শর্ট এক্সট্রা কাভারে গ্লেন ফিলিপসের অসামান্য ক্যাচে ফিরে যান ওপেনার শুবমান গিল। তার আগেই রোহিতের সঙ্গে হয়ে গেছে ১০৫ রানের ওপেনিং জুটি। ম্যাচ ৪০ ওভার যাবে কি না, তাই নিয়ে তখন প্রেসবক্সে আলোচনা। কিন্তু খেলাটা তো ক্রিকেট, তার ওপর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত মাঠ-মাঠের বাইরে ভারতীয় আধিপত্য, ফাইনালের দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামকে ভারতীয় দর্শকদের নীল সমুদ্র করে তোলা; সব চোখের সামনে দেখেও মস্তিষ্কের কোণে রেখে দিতে হয়েছে একটা তথ্য—ভারতের সঙ্গে ফাইনালে কখনো হারে না নিউজিল্যান্ড।


Post a Comment

Previous Post Next Post