গোল খাওয়ার নতুন রেকর্ড গড়ল গার্দিওলার সিটি
ম্যানচেস্টার সিটি ২ : ২ ব্রাইটন
শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে আরও আগে। টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চ্যালেঞ্জটা এখন সেরা চারে টিকে থাকার। সেই লড়াইটাও অবশ্য একেবারে সহজ হচ্ছে না তাদের। আজ শনিবার রাতে ফের ড্র করল তারা। এবার ইতিহাদে সিটিকে ২-২ গোলে রুখে দিয়েছে ব্রাইটন।
এই ম্যাচ দিয়ে গোল খাওয়ার বিব্রতকর এক রেকর্ডও গড়ল সিটি। চলতি মৌসুম এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে ক্লাবটি। কোচ পেপ গার্দিওলার অধীনে লিগে যা কি না এক মৌসুমে সর্বোচ্চ।
ঘরের মাঠে আজ শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে সিটি। স্বাগতিকদের আক্রমণের জবাবগুলো প্রতি-আক্রমণ দিয়েই দিচ্ছিল ব্রাইটন। বল দখলে সিটি এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে সিটিকে পেছনে ফেলেছিল ব্রাইটন। ম্যাচের প্রথম গোলটা যদিও সিটিই আদায় করে নেয়।
